২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭১, মৃত্যু নেই

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ , আপডেট সময় : ০৬-০৮-২০২৬
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫৯ জনেই স্থির রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগে ২৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, বরিশালে ৫৩, খুলনায় ৫০, রাজশাহীতে ২৬, ময়মনসিংহে ২৩, রংপুরে ১২ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১২ জন, বরিশালে ৭, ময়মনসিংহে ৬, চট্টগ্রামে ৫ এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুনে ১৩ জন মারা যান। মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে জুলাই মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটে। সদ্য বিদায়ী জুলাইয়ের ৩১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ, বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে যতজনের মৃত্যু হয়েছিল, এক মাসের জুলাইতেই তার দ্বিগুণের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঝুঁকি কমাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :