দেশে আসার জন্য ট্রাভেল পাস পেলেন তারেক রহমান
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৮ বছর লন্ডন থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। সেজন্য গতকাল ট্রাভেল পাস নিতে দুতাবাসে আবেদন করেন। আজ (শুক্রবার) সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়ে ছিলো নানা জল্পনা-কল্পনা। ২৩ নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তাও দেন তিনি। তবে ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।
এরইমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও। ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। পরে জানানো হয়, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।
দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন।
কমেন্ট বক্স