১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

থাইল্যান্ডে ট্রেন ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১৫-০১-২০২৬
থাইল্যান্ডে ট্রেন ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ ফাইল ছবি
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ধসে পড়ে অন্তত ৩২ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৭১ জন যাত্রী ছিলেন। 

ক্রেনটি ট্রেনের ওপর পড়ে গেলে একাধিক বগি লাইনচ্যুত হয় এবং অন্তত একটি বগিতে আগুন ধরে যায়। আহতদের মধ্যে এক বছরের শিশু ও ৮৫ বছর বয়সী বৃদ্ধও রয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

থাই রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।


ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় উবন রাচাথানি প্রদেশগামী ট্রেনটিতে মূলত শিক্ষার্থী ও কর্মজীবীরা যাতায়াত করছিলেন। স্থানীয় গণমাধ্যম দ্য নেশন জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্রেনটি একটি বড় কংক্রিট অংশ তুলছিল, যা পড়ে গিয়ে ট্রেনের একাধিক কোচ লাইনচ্যুত হয়।

একজন বেঁচে যাওয়া যাত্রী ও ট্রেনকর্মী থিরাসাক ওয়ংসংনার্ন স্থানীয় গণমাধ্যমকে জানান, ক্রেনটি পড়ার সঙ্গে সঙ্গে তিনি ও অন্য যাত্রীরা বাতাসে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শী মালিওয়ান নাকথন বিবিসি থাইকে বলেন, ‘প্রথমে ছোট ছোট কংক্রিটের টুকরো পড়তে দেখি। এরপর ক্রেনটি ধীরে ধীরে নেমে এসে সজোরে আঘাত করে ট্রেনটিকে চূর্ণ করে দেয়। পুরো ঘটনাটি এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটে।’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, এ ঘটনায় অবশ্যই কাউকে দায় নিতে হবে এবং শাস্তি পেতে হবে। তিনি বলেন, নকশা লঙ্ঘন, নিরাপত্তা ধাপ এড়িয়ে যাওয়া বা ভুল উপকরণ ব্যবহারের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

উল্লেখ্য, ক্রেনটি একটি ওভারহেড রেললাইন নির্মাণে ব্যবহৃত হচ্ছিল, যা ব্যাংকককে প্রতিবেশী লাওসের সঙ্গে যুক্ত করার জন্য চীন-সমর্থিত প্রায় ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি প্রকল্পের অংশ। এই প্রকল্পের লাম তাকং–সিখিও অংশের দায়িত্বে রয়েছে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি।

থাইল্যান্ডে নির্মাণ নিরাপত্তা মানদণ্ড দুর্বলভাবে প্রয়োগের কারণে অতীতেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সালে একটি মালবাহী ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আটজন নিহত হন। গত সাত বছরে ব্যাংকক থেকে দক্ষিণাঞ্চলগামী সড়ক উন্নয়ন প্রকল্পে বিভিন্ন দুর্ঘটনায় প্রায় ১৫০ জনের প্রাণহানি ঘটেছে।

সূত্র: বিবিসি


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ