১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার গুঞ্জনে সাবেক ছাত্রনেতা লিপু আলোচনায়

খন্দকার আলাউদ্দিন
আপলোড সময় : ২৪-০২-২০২৬
চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার গুঞ্জনে সাবেক ছাত্রনেতা লিপু আলোচনায় ফাইল ছবি
আসছে চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবার আলোচনায় উঠে এসেছে সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ লিপুর নাম। ইতালি প্রবাসী এই রাজনৈতিক কর্মী এক সময় চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

পাশাপাশি তিনি জেলা যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে তাকে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই ফারুক আহমেদ লিপু সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় উপস্থিতি তাকে স্থানীয়ভাবে পরিচিত মুখে পরিণত করে।
এছাড়াও খেলাধুলায় রয়েছে তাঁর সম্পৃক্ততা । বর্তমানে তিনি চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির দায়িত্বও পালন করছেন।

কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করলেও নিজ এলাকার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন বলে জানান তার ঘনিষ্ঠজনরা।

প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষার্থীদের সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন বলে দাবি সমর্থকদের। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম সামনে আসায় অনেকেই এটিকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

এদিকে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সরাসরি ঘোষণা না এলেও রাজনৈতিক অঙ্গনে তার প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থানীয় পর্যায়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তুলে ধরে বিভিন্ন পোস্ট ও মতামত প্রকাশ করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা থাকায় ফারুক আহমেদ লিপু নির্বাচনে প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি অংশ তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছেন বলে জানা গেছে। একই সঙ্গে প্রবাসী হিসেবে তার বিস্তৃত যোগাযোগ ও অভিজ্ঞতা স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন অনেকে।

এ বিষয়ে ফারুক আহমেদ লিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তবে দলীয় সিদ্ধান্ত ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সব মিলিয়ে চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা শুরু হয়েছে, তার কেন্দ্রে রয়েছেন সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ লিপু। এখন দেখার বিষয়, তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন কিনা এবং করলে নির্বাচনী মাঠে তার অবস্থান কতটা শক্তিশালী হয়ে ওঠে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ