০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৬ জুন ২০২৬

সরকারি গরুর হাট

চুনারুঘাটে গরুর হাটে ক্যাশিয়ারকে মারধর করে টাকা লুটের অভিযোগ, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-০৫-২০২৬
চুনারুঘাটে গরুর হাটে ক্যাশিয়ারকে মারধর করে টাকা লুটের অভিযোগ, মামলা দায়ের ছবি : হামলাকারী রুবেল মিয়া
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ অস্থায়ী গরুর বাজারে চাঁদা না পেয়ে বাজারের ক্যাশিয়ার কামরুলকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে একদল চাঁদাবাজ ও দাঙ্গাবাজের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৭ মে) কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন, অস্থায়ী গরুর বাজারের সরকার অনুমোদিত ইজারাদার আব্দুর রহিম সুজন। মামলায় অভিযুক্তরা হলেন— পাকুড়িয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেল মিয়া (৩৫), রাসেল মিয়া (৩০), ফরিদ মিয়া (৪০), তাজুল ইসলাম (৬০), জয়নাল মিয়া (৩৭) সহ আরও অজ্ঞাত কয়েকজন। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৩মে গাজীগঞ্জ অস্থায়ী গরুর বাজারে গিয়ে অভিযুক্ত রুবেল মিয়া বাজারের ক্যাশিয়ার কামরুল হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে বাজার বসতে দেওয়া হবে না এবং খুন-জখমের হুমকি দেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে গরুর বাজারে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে। এ সময় ক্যাশিয়ার কামরুল হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হামলাকারীরা ক্যাশ বাক্স ভেঙে বাজারের হাসিল আদায়ের নগদ প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। গরু কিনতে আসা পৌর শহরের রাজীব আহমেদ জানান, হামলার সময় বাজারে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে দাঙ্গাবাজরা অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে। মামলার বাদী ইজারাদার আব্দুর রহিম সুজন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং লুট হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এবিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ