০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

চুনারুঘাটে কুরবানির পশুর চামড়া কিনতে আসেনি ক্রেতা, বঞ্চিত গরিব মানুষ

খন্দকার আলাউদ্দিন
আপলোড সময় : ২৮-০৫-২০২৬
চুনারুঘাটে কুরবানির পশুর চামড়া কিনতে আসেনি ক্রেতা, বঞ্চিত গরিব মানুষ ফাইল ছবি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এবারও কুরবানির পশুর চামড়া কিনতে আসেনি কোনো ক্রেতা। ফলে কুরবানির পশুর চামড়া বিক্রি করে যে অর্থ পাওয়ার আশা করেছিলেন সাধারণ মানুষ ও এতিম-মাদরাসাগুলো, তা থেকে তারা বঞ্চিত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আযহাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার পশু কুরবানি দেওয়া হলেও চামড়া সংগ্রহে দেখা যায় চরম হতাশাজনক পরিস্থিতি। অধিকাংশ এলাকায় চামড়া অবহেলায় পড়ে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও মাত্র ১০০ থেকে ২০০ টাকায় চামড়া বিক্রি হয়েছে। আবার অনেকেই কোনো ক্রেতা না পাওয়ায় বিনামূল্যে চামড়া দিয়ে দিতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরেই চুনারুঘাটে কুরবানির পশুর চামড়ার বাজার ভেঙে পড়েছে। একসময় চামড়া বিক্রি করে মসজিদ, মাদরাসা ও গরিব মানুষ উল্লেখযোগ্য অর্থ পেতেন। কিন্তু বর্তমানে চামড়ার ন্যায্যমূল্য না থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলেন, দেশের চামড়া শিল্প একটি সিন্ডিকেটের কারণে ধ্বংসের মুখে পড়েছে। সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষ ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ বা তদারকি না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সচেতন মহল মনে করছে, সরকারিভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনের নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে চামড়া শিল্প আরও সংকটে পড়বে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ