০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

হবিগঞ্জে শত বছরের পুরনো কবরস্থানের রাস্তা কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-০৬-২০২৬
হবিগঞ্জে শত বছরের পুরনো কবরস্থানের রাস্তা কেটে ফেলার অভিযোগ কবরস্থানের রাস্তা
 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ এলাকায় শত বছরের পুরনো একটি কবরস্থানের রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ এলাকায় সুতাং নদীর নিকটে অবস্থিত কয়েকশ বছরের পুরনো একটি কবরস্থানের প্রায় ১২ ফুট প্রশস্ত রাস্তা কেটে সরু করে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, এলাকার দেওয়ান মিয়া তালুকদার (৫৫)-এর নেতৃত্বে মুহিন মিয়া তালুকদার (২৬), তুহিন মিয়া তালুকদার (১৮), নাছিম মিয়া (২৩) ও জাহাঙ্গীর মিয়া (৩০) কবরস্থানের পাশের রাস্তার অধিকাংশ অংশ কেটে নিজেদের জমির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। বর্তমানে সেখানে তিন ফুটেরও কম রাস্তা অবশিষ্ট রয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দৌলত খাঁ আবাদ এলাকার কয়েকজন মুরব্বি জানান, প্রায় দুইশ বছরের পুরনো এই কবরস্থানের ১২ ফুট প্রশস্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষজন ব্যবহার করে আসছিলেন। কিছুদিন আগে প্রভাবশালী ভূমিদস্যুরা রাস্তার বড় অংশ কেটে নিজেদের জমির সঙ্গে একীভূত করে ফেলেন। ফলে বর্তমানে রাস্তা এতটাই সরু হয়ে গেছে যে, কবরস্থানে খাটিয়ায় করে লাশ নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়রা আরও জানান, কাঁচা এ রাস্তাটি বর্ষা মৌসুমে এমনিতেই কর্দমাক্ত হয়ে যায়। এর মধ্যে রাস্তা কেটে সরু করে দেওয়ায় মৃতদেহ দাফনের জন্য কবরস্থানে নেওয়া চরম কষ্টসাধ্য হয়ে উঠেছে। এতে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ মানুষ ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তবে এ ঘটনার দ্রুত সমাধান এবং কবরস্থানের রাস্তা পুনরুদ্ধারে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ