০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

আবেদন ২৮ জুন থেকে, ভিসা প্রদান শুরু ১ জুলাই

দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২৫-০৬-২০২৬
দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু ফাইল ছবি
প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। পরে আইভ্যাকে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে পর্যটন ভিসার আবেদন আগামী ২৮ জুন থেকে গ্রহণ করা হবে।

দিনেশ ত্রিবেদী জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি মেডিকেল ভিসাও চালু থাকবে। প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই পাঁচটি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ ও ভিসা কার্যক্রম পরিচালিত হবে। ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভিসা সেন্টারগুলোতে মেডিকেল ভিসা আবেদনকারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে চিকিৎসা, পারিবারিক ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে ভারতগামী বাংলাদেশি নাগরিকরা আরও সহজে ভিসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এ সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, ভ্রমণ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে।

এদিকে, ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ, শিক্ষা ও পারিবারিক প্রয়োজনে ভারতগামী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ-ভারত জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ