০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

চুনারুঘাটের শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাকে রোববারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-০৭-২০২৬
চুনারুঘাটের শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাকে রোববারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাকে আগামী রোববারের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ (২১জুলাই) সোমবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক (প্রশাসন-১) মুজিব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বার বার বদলির আদেশ জারির পরও নাজনীন সুলতানা চিকিৎসা ছুটির কারণ দেখিয়ে দীর্ঘ সময় নতুন কর্মস্থলে যোগদান করেননি। এতে চুনারুঘাট উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, নাজনীন সুলতানার বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্টদের অভিযোগ, শিক্ষক বদলি, মৌখিক ডেপুটেশন, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ, উচ্চতর বেতন স্কেল, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন কাজে অনিয়ম ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে। এছাড়া প্রান্তিক মূল্যায়নের প্রশ্নপত্র বিতরণ নিয়ে বিতর্কের জেরে শিক্ষকরা আন্দোলনও করেছিলেন বলে অভিযোগকারীরা দাবি করেন।

অভিযোগ রয়েছে, এসব বিষয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে নাজনীন সুলতানার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

শিক্ষক ও অভিভাবকদের একাংশের দাবি, দীর্ঘদিন নিয়মিত অফিসে উপস্থিত না থাকায় শিক্ষা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। তাদের মতে, চুনারুঘাটের মতো বড় উপজেলায় দক্ষ, সৎ ও দায়িত্বশীল একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ