​দিনমজুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি শাহাব উদ্দিন গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৯:৪৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৯:৪৫:০৪ অপরাহ্ন

রাজধানীর কদমতলী এলাকায় দিনমজুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার বিকালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১০ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

সোমবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৩০ আগস্ট সন্ধ্যায় দিনমজুর মাহাবুব তার এক বন্ধুর সঙ্গে কদমতলী মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যান। এসময় গ্রেপ্তারকৃত মো. শাহাব উদ্দিন (৩৬) ও অন্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এরপর শাহাব উদ্দিনসহ অপর আসামিরা গুম করার উদ্দেশ্যে মাহাবুবকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় কদমতলীর পাটেরবাগ এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম মাহাবুবের পরিবার খবর পেয়ে সেই স্থানে গিয়ে মাহাবুবের রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পায় এবং এ ঘটনায় মৃত ভিকটিম মাহাবুবের ভাই মো. ফজর আলী বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় শাহাব উদ্দিনসহ ৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকালে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে মো. শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :