সাগরপথে পাচারকালে ৬৬ জন উদ্ধার, আটক ৫

আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০১:০৮:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০১:০৯:০৮ পূর্বাহ্ন
 
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
 
কক্সবাজার টেকনাফে সাগরপথে ‘মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে’ জড়োকালে পাঁচজন দালালকে আটক এবং রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ।
 
এ সময় আটক দালালদের কাছ থেকে ৪ টি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
 
রোববার (২৯ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
 
আটক দালালরা হল, টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আব্দু শুক্কুরের ছেলে মো. রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫) ও তার ভাই নুরুল কবির (২৭), একই এলাকার রসিদ আহাম্মদের ছেলে সৈয়দ আলম (২৪) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম ওরফে মো. শিপন (৩২)।
 
উদ্ধারদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে।
 
ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার ভোরে টেকনাফে সমুদ্র উপকূলে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় জনৈক আব্দুল আমিনের বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশ একটি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। এসময় আটকদের কাছ থেকে ৪ টি রাইফেলের গুলি, ১ টি রামদা ও ১ টি কিরিচ পাওয়া যায়।
 
পরে ঘটনাস্থলে তল্লাশি করে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৬৬ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার করা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছে।
 
আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :