জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। দীর্ঘ সময় ধরেই আলাদা আছেন তাহসান ও রোজা।
বিষয়টি নিশ্চিত করে তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই সময় থেকেই তিনি নিজেকে গানের কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনেকটা গুটিয়ে নেন।
বিচ্ছেদের পর তার বর্তমান সময় কেমন কাটছে সে বিষয়েও খোলামেলা কথা বলেছেন এই শিল্পী। তাহসান জানান, এখন তার বেশির ভাগ সময় কাটে একা ঘোরাঘুরি করে। সঙ্গে থাকে বই। ভ্রমণ আর পড়াশোনার মধ্যেই নিজের সময়কে ভাগ করে নিচ্ছেন তিনি। তার ভাষায়, আমার সময় কাটছে একা ঘোরাঘুরি করে। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি, পড়ছি এভাবেই দিন চলে যাচ্ছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে তাহসান বলেন, অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। তবে এটা শেষ কনসার্ট না, শেষ ট্যুর। ছবি: সংগৃহীত
গত বছর হঠাৎ করেই তাহসান তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি।
যদিও নিয়ে তিনি ভক্তদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে তাহসান বলেন, অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। তবে এটা শেষ কনসার্ট না, শেষ ট্যুর।
তাহসান আরও বলেন, আমি আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব। সারাজীবন কি আর এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—“দূরে তুমি দাঁড়িয়ে”—দেখতে কেমন লাগে।
তাহসান খান আড়াই দশক ধরে সংগীতের মঞ্চ মাতিয়েছেন তিনি। গায়কের এই সিদ্ধান্ত ভক্তরা মেনে নিতে পারেননি।
সেই সময়ই কনসার্টে যারা উপস্থিত ছিলেন তারা তাহসানের সংগীতজীবনের ইতি টানার বিষয়ে একসঙ্গে ‘না’ বলে উঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাহসান ভক্তরা বিষয়টি নিয়ে কথা বলেন।
তাহসান খানের সংগীতযাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের শেষ দিকে। তিনি প্রথম পরিচিতি পান ব্যান্ড ব্ল্যাক–এর ভোকালিস্ট হিসেবে। ব্যান্ড সংগীতের পাশাপাশি একক গায়ক হিসেবেও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রোমান্টিক কথা ও সুরনির্ভর গানই তার মূল শক্তি। ‘ইচ্ছে ঘুড়ি’, ‘আলো’, ‘হারিয়ে গিয়েছি’, ‘অপেক্ষা’, ‘আমি তোমারই মতো’—এই গানগুলো শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নেয়।
অন্যদিকে, ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন। তাহসান ও মিথিলার একমাত্র মেয়ে আইরা তেহরীম খানের জন্ম ২০১৩ সালে। দীর্ঘ ১১ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৭ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাহসান-মিথিলা দুজনেই মেয়ের দায়িত্ব পালন করছেন।