​উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তর করা হবে: জামায়াত আমির

আপলোড সময় : ২৩-০১-২০২৬ , আপডেট সময় : ২৩-০১-২০২৬
দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া জনপদ উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিগত দিনে পরিকল্পিতভাবে এই অঞ্চলকে বঞ্চিত ও পিছিয়ে রাখা হয়েছে। নির্বাচিত হতে পারলে ইনসাফভিত্তিক উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলকে এগিয়ে নেওয়া হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে একাধিক জনসভায় এসব কথা বলেন।


উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় জোটের আয়োজিত জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সফিউল আলমকে (সফিউল্লাহ সুফি) পরিচয় করিয়ে দেন।

পঞ্চগড় চিনিকল চালুর ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, উত্তরাঞ্চলের উর্বর মাটি কৃষির জন্য প্রসিদ্ধ হলেও কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ক্ষমতায় গেলে কৃষিপণ্যের জন্য সংরক্ষণাগার তৈরি করে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হাঁড়িতে জ্বাল দেয়, বাকি চার বছর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ বসন্তের কোকিল-বসন্ত এলে কুহ কুহ করে। এদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি।

আমরা ছিলাম, আছি এবং থাকবো। দেশবাসীকে ফেলে কোথাও যাইনি, আগামীতেও যাবো না। জীবন-মরণে একসঙ্গে লড়াই করবো। প্রিয় বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, কাজ শেষ হয়নি-শুধু শুরু হয়েছে। বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও আধিপত্যবাদমুক্ত ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমাদের হাতে কোনো কার্ড নেই। আপনাদের বুকের ভালোবাসাই আমাদের কার্ড। উত্তরবঙ্গ সারাদেশে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে, অথচ সেই উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমরা কোনো বেকারের মুখ দেখতে চাই না। প্রত্যেকের হাতে মর্যাদার কাজ দিতে চাই।

বক্তব্য শেষে জামায়াত আমির পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমকে শাপলা কলি প্রতীক এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির মাওলানা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানসহ ১০ দলীয় জোটের নেতারা।

সভা সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসাইন। সভার আগে সকাল থেকেই ১০ দলীয় জোটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

এর আগে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানের দক্ষিণাংশে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে জামায়াত কঠোর ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আমরা দুর্নীতি করবো না এবং করতেও দেবো না। সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না।

এ সময় তিনি দিনাজপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা চালু এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ ছাড়া বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের প্রার্থী ও এনসিপি নেতা ডা. আব্দুল আহাদ, দিনাজপুর-২ আসনের প্রার্থী অধ্যক্ষ এম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-১ আসনের প্রার্থী মো. মতিউর রহমানসহ অন্যান্য নেতারা।

এদিকে ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১০ দলীয় জোটের জনসভায় জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে সারাদেশের ৬৪ জেলায় উন্নতমানের একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে, যেখানে বঞ্চিত এলাকাগুলো অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, আমরা নির্বাচিত হলে তিনটি বিষয় নিশ্চিত করা হবে। প্রথমত-দূর্নীতি করব না এবং করতেও দেওয়া হবে না। দ্বিতীয়ত-ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচারে কোন রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। যারাই অন্যায় করবে কাউকে ছাড় দেওয়া হবে না। তৃতীয়ত-চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস করতে দেওয়া হবে না। 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বেকার ভাতা নয়, যুবকদের সম্মানজনক কাজ দিতে চাই। দেশের যুবকদের টেকনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী মিজানুর রহমানকে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।

নিউজবিডি/খ.আ

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :