বিএনপি একাই সরকার গঠনে সক্ষম-রয়টার্সকে তারেক রহমান

আপলোড সময় : ০৮-০২-২০২৬ , আপডেট সময় : ০৮-০২-২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে, এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে, যারা ২০০১-০৬ মেয়াদে একসঙ্গে সরকার পরিচালনা করেছে। দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আবারও ঐকমত্যের সরকার গঠনে আগ্রহী জামায়াত।

এ বিষয়ে তারেক রহমান রয়টার্সকে বলেন, আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে? আমি জানি না তারা কয়টি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দলে থাকে, আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে।

গত সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইকে প্রকাশিত সাক্ষাৎকারে বিএনপি সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপির নেতৃত্বাধীন কোনো জাতীয় সরকারের অংশ হিসেবে জামায়াতকে আমি দেখি না।

নির্দিষ্ট সংখ্যা বলতে অস্বীকৃতি জানালেও তারেক রহমান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা নিশ্চিত, সরকার গঠনের জন্য আমাদের যথেষ্ট আসন থাকবে।

বিএনপি জয়ী হলে ভারত থেকে সরে চীনের দিকে ঝুঁকবেন কিনা- এ প্রশ্নে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে বা যারা উপযুক্ত প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :