স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত অর্ধলক্ষাধিক মানুষ

রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৪:৫৯:৪২ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেখানে মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই এলাকার জনসাধারণ। এই স্বাস্থ্য কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার রাণীগাঁও বাজারে স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাণীগাঁও ইউনিয়নটি জেলার একটি জনবহুল এলাকা। যেখানে চা বাগান ও সমতল মিলিয়ে মোট ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস। এই বিপুল জনগোষ্ঠীর জন্য রয়েছে মাত্র একটি স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্র, যা প্রায় ২৫ বছর ধরে নামমাত্র চালু রয়েছে। তারা দাবি জানান, দ্রুত নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। প্রসঙ্গত, নিয়মানুযায়ী এই কেন্দ্রে মেডিকেল অফিসার, সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (মিডওয়াইফ/প্রসব সেবা প্রদানকারী) এবং অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি ওয়েলফেয়ারসহ একাধিক জনবল থাকার কথা থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে মাত্র একজন FWV দিয়ে কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে জানা গেছে। তবে চলতি বছরের ১৪ এপ্রিল থেকে ওই FWV মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় কেন্দ্রটি কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণ মারাত্মক স্বাস্থ্যসেবা সংকটে পড়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই কেন্দ্রে মেডিকেল অফিসার পদে বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে কেউ দায়িত্ব পালন করছেন না। অনুসন্ধানে জানা গেছে, কেন্দ্রটির ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা এখানে আসতে অনিহা প্রকাশ করেন। এছাড়াও হাসপাতালের অধিকাংশ জায়গা স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় নতুন ভবন নির্মাণের জন্য পূর্বে দুইবার বরাদ্দ আসলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে স্থানীয় জনগণের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামান্য অসুস্থতা নিয়েও সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকরা নানা ধরণের স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মোজাম্মেল হক জানান, যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি তিনি উধ্বর্তন কর্তৃপক্ষে জানাবেন।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :