চুনারুঘাটের আশ্রয়ণ এলাকায় অবৈধ বালু উত্তোলন: সীমানা নির্ধারণ না করেই ফিরে এলো প্রশাসন

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ , আপডেট সময় : ০৩-০৬-২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও কার্যকর ফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কয়েকজন বালু ব্যবসায়ীকে জরিমানা করলেও উত্তোলিত বালু কিংবা ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ না করায় অভিযানের কয়েক ঘণ্টা পরই পুনরায় শুরু হচ্ছে অবৈধ বালু উত্তোলন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের পাশের খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে কৃষিজমি, বসতবাড়ি এবং সরকারি আশ্রয়ণ প্রকল্প হুমকির মুখে পড়েছে। বিষয়টি নিয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

পরিস্থিতির প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নাজমুন নাহার লিপির ইজারাকৃত খোয়াই নদীর রাজার বাজার অংশের বালুমহালের সীমানা নির্ধারণে ঘটনাস্থলে যান চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার। এ সময় সার্ভেয়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মাপজোক শুরু করলেও স্কেচম্যাপের জটিলতার কারণ দেখিয়ে বনগাঁও আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন অংশের সীমানা নির্ধারণ না করেই ফিরে আসেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার বলেন, “আমাদের কাছে থাকা স্কেচম্যাপে কিছু জটিলতা রয়েছে। এ কারণে এই মুহূর্তে মহালের সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানা নির্ধারণ ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের পাড় ঘেঁষে সাংবাদিক নুরুল আমিনের বাড়ি পর্যন্ত এলাকায় প্রায় ১৫টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের কয়েকজন নেতাসহ স্থানীয় প্রভাবশালী একটি চক্র এ কাজে জড়িত।

এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না আসায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত সীমানা নির্ধারণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :