হবিগঞ্জে মামলাবাজ হোসেন আলী পুলিশের খাঁচায়: স্বস্তি ফিরেছে এলাকায়

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ , আপডেট সময় : ১৭-০৮-২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় হোসেন আলী মীর (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৬ আগস্ট) গভীর রাতে চুনারুঘাট-বাল্লা সড়ক থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার হোসেন আলী মীর কালিশিরী গ্রামের মৃত আতাব উল্লা মীরের ছেলে।

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুরে হোসেন আলী মীর তার আপন ছোট ভাই আকবর আলী মীরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় আকবর আলী মীরের স্ত্রী আরিফা আক্তার বাধা দিলে তাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বাধা দিতে এগিয়ে এলে কয়েকজন স্থানীয় বাসিন্দাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত আরিফা আক্তার বাদী হয়ে গত রোববার রাতে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হোসেন আলী মীরকে আটক করে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, হোসেন আলী মীরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা, জমি দখল ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে। কালিশিরী গ্রামের বাসিন্দা চান মিয়া লস্কর অভিযোগ করেন, হোসেন আলী মীর বিভিন্ন সময় স্থানীয়দের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন এবং জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাধারণ মানুষকে হয়রানি করেছেন।

তার গ্রেফতারের খবর শুনে এলাকায় স্বস্তি ফিরেছে বলে অনেকেই জানান।

তিনি আরও অভিযোগ করেন, এলাকার বেশ কয়েকজন ব্যক্তি—মতলব মীর, হাজী মনসুব উল্লা, আকবর আলী, আক্কাস আলী, অ্যাডভোকেট এমরান লস্কর, কাদির মিয়া, আবুল মীর ও রহমত আলী মীরসহ আরও অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা করা হয়েছে।

স্থানীয়দের দাবি, জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।

চুনারুঘাট থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক : অলিউল্লাহ নোমান

প্রকাশক : মশিউর রহমান খাঁন

অফিস : বাড়ি নং কেএ-৩/এইচ/২, মোহাম্মদ মঞ্জিল, হাজী সমির উদ্দিন রোড, জগন্নাথপুর ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

Email  : newsbd24.country@gmail.com, Mobile : +88 09642929292, +88 01828659398


অফিস :